অন্তর্বর্তী সরকারের আমলনামা
Chronology
Photo: Rajib Dhar/TBS.
নোট: সমকালীন ইতিহাস নিয়ে নির্মোহভাবে কিছু লেখা কঠিন। কারণ লেখক নিজেই নানান ঘটনায় সংলিপ্ত থাকেন। তার সাথে যোগ হয় বস্তুনিষ্ঠ তথ্যউপাত্তের অপ্রতুলতা। তাই এটা খুবই সামান্য তথ্যের ভিত্তিতে রচা একেবারেই প্রাথমিক ধাঁচের একটা কালপঞ্জি মাত্র। সময় আর সবরের অভাবে অনেককিছুই বাদ পড়ল। ভবিষ্যতে, বেঁচেবর্তে থাকলে, হয়তো খামতিটা পূরণ করব। আমি না থাকলে, অন্য কেউ নিশ্চয়ই করবে।
২০২৪
আগস্ট ৬ জাতীয় সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট চুপ্পু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করলেন ড. মুহাম্মদ ইউনূসের নাম ।
৮ অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ইউনূস। ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দেয়া হল: সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এ এফ হাসান আরিফ, মোঃ তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমীন এস মুর্শিদ, ফারুক ই আজম, ড. ম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ডাঃ বিধান রঞ্জয় রায়, এ এফ এম খালিদ হোসেন, ফরিদা আখতার, নূরজাহান বেগম, নাহিদ ইসলাম, ও আসিফ মাহমুদ। উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আওয়ামি লীগ বাদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, তিন বাহিনী প্রধান, ও বিদেশি রাষ্ট্রদূতরা হাজির ছিলেন।
১০ প্রতিবাদীদের দেয়া আল্টিমেটামের মুখে ইস্তফা দিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তাঁর স্থলাভিষিক্ত হলেন সৈয়দ রেফাত আহমেদ।
১৩ প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন এএফপির বাংলাদেশ ব্যুরোর এককালীন প্রধান ও জ্যৈষ্ঠ সাংবাদিক শফিকুল আলম।
১৪ শেখ হাসিনা সহ ৯ জন সাবেক সরকারি কর্তাব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেনোসাইডের অভিযোগ দায়ের করা হল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বিষয়ক প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ পেলেন গ্রামীন হেলথকেয়ার ট্রাস্ট ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।
১৬ ৪ জন অতিরিক্ত উপদেষ্টা নিয়োগ পেলেন: ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফজলুল কবীর খান, লে. জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলী ইমাম মজুমদার।
২২ প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আবদুল হাফিজ।
২৫ বাংলাদেশের সচিবালয় ঘেরাওয়ের ঘটনায় ছাত্র ও আনসার সদস্যদের সংঘর্ষ চলাকালে ৪০ জন আহত।
২৮ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম।
সেপ্টেম্বর ১ অন্তবর্তী সরকার প্রধান ড. ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস ঘোষণা দিল, জুলাই ম্যাসাকার চলাকালে বাংলাদেশের সরকারি বাহিনীগুলো কর্তৃক মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ যাচাই করে দেখতে একটা তথ্যানুসন্ধান দল গঠন করবে।
৩ দেশজুড়ে বন্যায় অন্তত ৭১ জন মানুষের মৃত্যু।
৪ প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেলেন লুৎফে সিদ্দিকী।
১৭ শাপলা চত্বর ম্যাসাকার ও জুলাই ম্যাসাকারে সম্পৃক্ত থাকার দায়ে একাধিক মামলায় অভিযুক্ত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার।
১৮ মোবাইল চুরির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নিষ্ঠুর নির্যাতনের শিকার ও খুন হলেন তোফাজ্জল হোসেন নামের জনৈক মানসিক প্রতিবন্ধী। ৬ জন গ্রেপ্তার। আসামীদের অধিকাংশই ছাত্রলীগের সাবেক বা সক্রিয় সদস্য।
অক্টোবর ১০ সেন্ট মার্টিনস দ্বীপে বাংলাদেশের মাছবাহী ট্রলারগুলো লক্ষ্য করে প্রকাশ্যে গুলিবর্ষণ করল বার্মার নৌবাহিনী। খুন হলেন ১ বাংলাদেশি জেলে।
১৭ জুলাই ম্যাসাকার চলাকালে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২৩ বাংলাদেশ ছাত্রলীগ নামক ছাত্র সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
৩১ বিজয় নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ।
নভেম্বর ১০ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন মাহফুজ আলম, শেখ বশিরউদ্দীন, ও মোস্তফা সরয়ার ফারুকী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন খোদা বকশ চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সায়েদুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এম আমিনুল ইসলাম।
১৯ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পেলেন ড. খলিলুর রহমান।
২১ হাই কোর্টের এক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যাটারিচালিত রিকশাওয়ালা ও অন্যদের প্রতিবাদ। প্রতিবাদীরা এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ান ও রাজধানীর বহু জায়গায় (মহাখালী, খিলগাঁও, আগারগাঁও, গাবতলি, মিরপুর, ডেমরা প্রভৃতি) সড়ক অবরোধ করেন। সেইসাথে সেনাসম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর চালান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন এ, এম, এম নাসির উদ্দীন।
২৪ বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর এক অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত।
২৬ চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কেন্দ্র করে দেখা দেয়া সহিংসতায় খুন হলেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
ডিসেম্বর ২০ ইন্তেকাল করলেন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। তাঁর মন্ত্রণালয় দুটি প্রধান উপদেষ্টাকে দেয়া হল। শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
২৬ সচিবালয় ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হলেন অগ্নিনির্বাপক কর্মী নয়ন।
২০২৫
জানুয়ারি ১৫ পাঠ্যবই থেকে একটি গ্রাফিতি সরানোর প্রতিবাদে আদিবাসী শিক্ষার্থীরা বিক্ষোভ ডাকলে এনসিটিবির সামনে স্টুডেন্টস ফর সভেরেইন্টি নামে একটি সংগঠন তাদের ওপর হামলা করে, এতে ২০ ব্যক্তি আহত হন।
১৬ ২০০৪ সালের এক মামলায় ১৭ বছরেরও বেশি সময় জেল খাটার পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
২০ আলী ইমাম মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হল।
ফেব্রুয়ারি ৫ ধানমণ্ডি ৩২ ভেঙে গুঁড়িয়ে দেয়া হল।
৬ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন মনির হায়দার।
৮-৯ অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে ১৩০০+ গ্রেপ্তার।
১২ জুলাই ম্যাসাকার নিয়ে ওএনএইচসিআরের প্রতিবেদনটি প্রকাশিত হল, যাতে দাবি করা হল শেখ হাসিনা প্রশাসনের দ্বারা মানবতা বিরোধী অপরাধ সংঘটনের প্রমাণ মিলেছে। জুলাই ম্যাসাকার চলাকালে ১৪০০ মানুষ খুন হয়েছেন। ১১ হাজারেরও বেশি হয়েছেন আটক ও গ্রেপ্তার।
১৭ প্রেসিডেন্ট চুপ্পু রুলস অফ বিজনেস পরিবর্তন করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক ঘটনাবলিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনলেন।
১৮ সিনিয়র সচিবের সমান পদমর্যাদা পেলেন শফিকুল আলম।
২৫ নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার জন্য উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম।
২৬ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম। গঠিত হল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
২৮ জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একাংশের উদ্যোগে গঠিত হল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মার্চ ৫ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন চৌধুরী রফিকুল আবরার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফয়েজ আহমদ তৈয়্যব।
১০ ইস্তফা দিলেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম। প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. আনিসুজ্জামান চৌধুরী।
১৮ নারায়ণগঞ্জে গ্রেপ্তার হলেন দি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নেতা আতাউল্লা আবু আম্মার জুনুনি।
এপ্রিল ৭ গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বেজা ও বিডার নির্বাহী সভাপতি আশিক চৌধুরী।
১২ মার্চ ফর গাজা। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের ইতিহাসের সবচে বড় ফিলিস্তিনপন্থী প্রতিবাদের ঘটনা।
১৩ দুর্নীতিতে সম্পৃক্ততার দায়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বাংলাদেশ।
১৫ বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন।
১৭ দেড় দশক পর বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সংলাপ। ১৯৭১ সালের জেনোসাইডের জন্য আনুষ্ঠানিকভাবে মাফ চাওয়া এবং অবিভক্ত পাকিস্তানের (১৯৪৭-৭১) একাত্তর-পূর্ব সম্পদে বাংলাদেশের হিস্যা ৪.৫২ বিলিয়ন ডলার পরিশোধ করা নিয়ে আলোচনা হল। নানান খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ দুই রাষ্ট্রের।
২০ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ সূফিউর রহমান। ছুরিকাঘাতে নিহত হলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ। ৮ ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের যাঁদের ২ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, প্রধান অভিযুক্তসহ ৬ সন্দেহভাজন গ্রেপ্তার।
২৩ বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ সরকার মোট ৮৫০ মিলিয়ন ডলারের দুটি চুক্তি সই করল। এই চুক্তির আওতায়, চট্টগ্রামে বে টার্মিনাল মেরিন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে ৬৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। বাকি ২০০ মিলিয়ন ডলার দেবে বিপন্ন জনগোষ্ঠীগুলোর জন্য সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে।
২৬ ভারতের গুজরাটে ৫০০রও বেশি বাংলাদেশিকে “অবৈধ অভিবাসী” হওয়ার দায়ে আটক করা হল।
২৮ তাপপ্রবাহ সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মে ৬ চিকিৎসা শেষে লন্ডন থেকে ফিরলেন খালেদা জিয়া।
৮ থাইল্যান্ডে পালালেন প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ।
১০ আইসিটিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। একইসাথে আইসিটি আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিল; যাতে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে সাজা দিতে পারে। পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হল।
২৭ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, সুপ্রিম কোর্ট তা বাতিল করল।
জুন ১ আইসিটিতে শেখ হাসিনার in absentia বিচার শুরু।
২৪ দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী।
জুলাই ২ আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে in absentia ৬ মাসের কারাদণ্ড দিল আইসিটি। জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর ৩৬ জুলাইয়ে (৫ আগস্ট) ১ দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হল।।
১৪ অতিরিক্ত দায়িত্ব হিসেবে শেখ মঈন উদ্দিনকে রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হল।
১৬ গোপালগঞ্জে শেখ হাসিনার অনুসারীদের সাথে রাষ্ট্রীয় বাহিনীর সংঘর্ষকালে ৪ নিহত, সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা।
২১ মাইলস্টোন ট্র্যাজেডি, পাইলট সহ ৩২ জনের মৃত্যু।
২৪ ধানমন্ডিতে গ্রেপ্তার হলেন সাবেক প্রধান বিচারপতি এ. বি. এম. খায়রুল হক।
৩১ সিলেটে ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে রক্ষণাবেক্ষণের কাজের সময় বিস্ফোরণ ঘটে ১ শ্রমিকের মৃত্যু।
আগস্ট ৫ ড. ইউনূস কর্তৃক ঘোষিত হল জুলাই ঘোষণাপত্র।
৭ গাজীপুরে খুন হলেন দৈনিক প্রতিদিনের কাগজয়ের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।
১২ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ করল আরাকান আর্মি।
১৫ খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগরে এক সেনা অভিযানে খুন হলেন মগ লিবারেশন পার্টির উত্তরাঞ্চলীয় সশস্ত্র শাখার প্রধান কংচাইন্য মারমা।
১৭ ধানমন্ডিতে গ্রেপ্তার হলেন সাবেক আওয়ামি লীগ দলীয় এমপি শফিকুল ইসলাম অপু। গুলশানে গ্রেপ্তার হলেন মাই টিভির মোঃ নাছির উদ্দিন।
২৪ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে ২ দিন ব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হল।
৩০ গণঅধিকার অধিকারের নেতা নুরুল হক নূরের ওপর সেনাপুলিশি হামলার জের ধরে জাতীয় পার্টির সদরদপ্তরে আগুন ধরিয়ে দিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
সেপ্টেম্বর ৫ রাজবাড়ীতে নুরান পাগলা নামে পরিচিত নুরুল হক মোল্লার কবর অবমাননা ও মৃতদেহ কবর থেকে তুলে এনে পোড়ানোর সাথে জড়িতদের হামলায় ১ ব্যক্তি নিহত।
৯ ডাকসুতে শিবির-সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়। ভিপি হলেন সাদিক কায়েম, জিএস হলেন এস এম ফরহাদ, এবং এজিএস হলেন মহিউদ্দিন খান।
১৮ জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন-সহ একাধিক দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৭টি রাজনৈতিক দলের র্যালী।
অক্টোবর ৬ ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস ঘোষণা করল অন্তর্বর্তী সরকার।
১৪ ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস কারখানা ও একটি রাসায়নিক গুদামে আগুন লেগে অন্তত ১৬ ব্যক্তির মৃত্যু।
১৬ রাকসুতে শিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট ২৩টি কেন্দ্রীয় পদের মধ্যে ২০টিতে জিতল। ভিপি হলেন মুস্তাকুর রহমান জাহিদ ও এজিএস এসএম সালমান সাব্বির। তবে জিএস হন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল সালাহউদ্দিন আম্মার।
১৭ জুলাই সনদ সই।
১৮ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ড, চট্টগ্রাম বন্দরে একটি লাইটারিং জাহাজডুবি।
২৩ বাগছাসকে জাতীয় ছাত্রশক্তি হিসেবে পুনর্গঠন করা হল।
২৭ ফার্মগেটে ঢাকা মেট্রো রেলের দুটি বেয়ারিং প্যাড স্থানচ্যুত হলে ১ ব্যক্তির মৃত্যু।
নভেম্বর ৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকায় ইউনূসের বাসভবনের কাছে বিক্ষোভ করল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
১৩ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিন উপলক্ষ্যে আওয়ামি লীগ লকডাউন কর্মসূচি দিল। সারা দেশে দলটির নেতাকর্মীরা জ্বালাও পোড়াও করলেও তাঁদের পক্ষে উল্লেখযোগ্য জনসমর্থন দেখা যায়নি। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গেজেট প্রকাশিত হল।
১৭ ২০২৪ সালের জুলাই ম্যাসাকার চলাকালে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন আইজিপি আবদুল্লাহ আল-মামুনকে দোষী সাব্যস্ত করল। রায়ে হাসিনা এবং খানকে in absentia মৃত্যুদণ্ড দেওয়া হয়, রাজসাক্ষী হওয়ায় আল-মামুন পাঁচ বছরের কারাদণ্ড লাভ করেন। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ও হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বিচারকে স্বাগত জানালেও বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান ও ন্যায্যতার অভাব নিয়ে প্রশ্ন তোলে এবং মৃত্যুদণ্ডের রায়ের সমালোচনা করে।
১৯ ২২ বছরের মধ্যে প্রথমবারের মতো এএফসি এশীয় কাপের বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে।
২১ ঢাকায় একটি ৫.৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১০ ব্যক্তি নিহত ও ৬০০রও বেশি আহত।
২৫ কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ১৫০০ বাড়ি ধ্বংস হল।
২৭ পূর্বাচলে অবৈধভাবে নিজের ও নিজ পরিবারের জন্য জমি দখলের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে in absentia দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
ডিসেম্বর ১ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে সরকারি জমি প্রকল্পে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগে in absentia দোষী সাব্যস্ত করা হয় এবং সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।
৮ অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশ জুনিয়র পুরুষদের হকি বিশ্বকাপ জিতল ।
১২ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর মাথায় গুলি করল মোটরসাইকেলে আসা গুপ্তঘাতকেরা।
১৮ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন হাদী।
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হল। হত্যা করার পর, তাঁর দেহ একটি গাছের সাথে বেঁধে আগুন ধরিয়ে দেয়া হয়। দিপু পোশাক শ্রমিক ছিলেন এবং তাঁর বোন চম্পা দাসের ভাষ্য মতে, মালিক-শ্রমিক দ্বন্দ্বের জের ধরে কোম্পানির লোক মিথ্যা অপবাদ দিয়ে দিপুকে হত্যা করেছে।
১৯ প্রথম আলো ও ডেইলি স্টার অফিস, এবং পরে ছায়ানট সংস্কৃতি ভবন ও উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ। একই দিনে সিলেট সীমান্তের কোম্পানিগঞ্জে ভারতীয় বিএসএফের গুলিতে আশিকুর ও মোশাইদ নামের ২ বাংলাদেশি নাগরিক খুন হন। লক্ষীপুরের স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে বাইরে থেকে তালা আটকে আগুন ধরিয়ে দিলে তাঁর ৭ বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার বিনতি ঘুমের মধ্যে পুড়ে মারা যায়।
২৪ মগবাজারে মুক্তিযোদ্ধা গলির সামনে ফ্লাইওভারের ওপর থেকে নিঃক্ষিপ্ত বোমার আঘাতে সিয়াম নামের এক দোকান কর্মচারী যুবকের মৃত্যু।
ছয় দিন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর লক্ষীপুরের স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের বড় মেয়ে সালমা আক্তারের মৃত্যু।
২৫ ৬,৩১৪ দিন পর দেশে ফিরলেন তারেক রহমান।
৩০ মৃত্যুবরণ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
২০২৬
জানুয়ারি ৪ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেয়। প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করে।
১২ বার্মার রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) সাথে সংঘর্ষ চলাকালে কিছু আরসা সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এই ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ জন আরসা সদস্যকে আটক করে।
২০ কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ক্যাম্প–১৬তে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৩৩৫টি আশ্রয়কেন্দ্র পুড়ে যায়। ২,০০০য়ের বেশি রোহিঙ্গা শরণার্থী গৃহহীন হয়ে পড়েন।
ফেব্রুয়ারি ২ পূর্বাচলে অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে একটি মামলার রায়ে গণঅভ্যুত্থানে উৎখাতকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক এবং তাঁদের আরও দুই আত্মীয়কে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেয়া হল।
৬ রাজশাহী বিভাগে নিপা ভাইরাসের একটি মারাত্মক ঘটনা নিশ্চিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিস কর্তৃক প্রকাশিত হল Reforms of the Interim Governmentয়ের সংশোধিত ই-বুক সংস্করণ।
৯ সই হল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক শুল্ক চুক্তি।
১২-১৬ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় এল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৬ সালের বাংলাদেশি সাংবিধানিক গণভোটে জুলাই সনদ অনুমোদনের পক্ষে ৬০.২৬% হ্যাঁ ভোট পড়ল।
তথ্যসূত্র
আজকের পত্রিকা
ইত্তেফাক
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)
https://www.bssnews.net/bangla/
The Headlines
OHCHR. 2025. “Human Rights Violations and Abuses related to the Protests of July and August 2024 in Bangladesh.” February 12.
https://www.ohchr.org/en/documents/country-reports/ohchr-fact-finding-report-human-rights-violations-and-abuses-related
Office of the United States Trades Representative
https://ustr.gov/
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org/


